Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহর গোলামি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের লক্ষ্য: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ১৮, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহ তায়ালা মানুষকে শুধু ব্যক্তিগত জীবনযাপনের জন্য সৃষ্টি করেননি; মানবতার কল্যাণে কাজ করা, তাঁর ইবাদত করা এবং পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করাই মানুষের প্রকৃত উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলে একামাতে দ্বীনের আন্দোলন পরিচালনা করতে হবে।

শনিবার (১৮ জুলাই) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের তিন দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দায়িত্বশীলদের আদর্শিক মান, চারিত্রিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতার ওপরই একটি সংগঠনের শক্ত ভিত নির্ভর করে। তাই আত্মশুদ্ধি, জবাবদিহিতা, ত্যাগের মানসিকতা এবং আদর্শিক দৃঢ়তা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরাই সংগঠনের প্রাণশক্তি। তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক আচরণে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটতে হবে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রে ন্যায়, ইনসাফ এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়াই তাদের প্রধান দায়িত্ব।”

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যক্তি গঠনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার জরুরি। তিনি জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে গণভোটে সমর্থিত জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়ন এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ফ্যাসিবাদ, দলীয়করণ ও ক্ষমতার এককেন্দ্রিকতার পরিবর্তে এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের মতামতের যথাযথ প্রতিফলন থাকবে। ইসলামী আন্দোলনের কর্মীদের এ পরিবর্তনের অগ্রভাগে থাকতে হবে।”

তিনি অতীতের দায়িত্বশীলদের ত্যাগ ও কোরবানির কথা স্মরণ করে বলেন, তাদের আদর্শ অনুসরণ করে ধৈর্য, প্রজ্ঞা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী এবং গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম।

বক্তারা ইসলামী আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিক নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।