রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় তিনি বলেন, “রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, সবুজায়ন এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।”
তিনি আরও বলেন, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার সড়কের উন্নয়ন এবং রেলগেট, বর্ণালী, তালাইমারী মোড়, নওদাপাড়া ও আমচত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে। এছাড়া নাগরিক সেবা আরও গতিশীল করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রকল্প গ্রহণ করা হবে।
সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। নগর পরিকল্পনাবিদ বনি আহসান সভা পরিচালনা করেন।
সভায় টিএলসিসি কমিটির সদস্যরা রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। তারা রাসিক প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি দেবাশিষ রায় মধু, দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহাবুব, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) দিলসেতারা চুনি এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের রাজশাহী প্রতিনিধি মঞ্জুয়ারা খাতুন।
এছাড়া সভায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা খাতুন, গণপূর্ত বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং টিএলসিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

