জাবিপ্রবি প্রতিনিধি
তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক প্রকৌশল দক্ষতা অর্জনের লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা পাঁচটি উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করেছে। Electrical Machine–1 Sessional (EEE 2122) কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবসম্মত সমাধান প্রশংসিত হয়েছে।
প্রদর্শনীতে স্থান পায় Robotic Arm using ESP8266, Smart Regenerative Braking System, DIY ECG Machine using Arduino Nano and AD8232 ECG Module, Surveillance Car with Pan-Tilt Camera and Mecanum Wheels এবং Bluetooth Controlled Car using Arduino UNO শীর্ষক পাঁচটি প্রকল্প।
Robotic Arm using ESP8266 প্রকল্পে সার্ভো মোটর ও মাইক্রোকন্ট্রোলারের সমন্বয়ে তৈরি একটি রোবোটিক বাহু প্রদর্শন করা হয়, যা নির্দেশনা অনুযায়ী বস্তু ধরে স্থানান্তর করতে সক্ষম। শিল্পকারখানার স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় এ প্রযুক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
Smart Regenerative Braking System প্রকল্পে দেখানো হয়, কীভাবে ব্রেক করার সময় অপচয় হওয়া গতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে ব্যাটারিতে সংরক্ষণ করা যায়। বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের জন্য এটি শক্তি সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে গুরুত্বপূর্ণ।
DIY ECG Machine প্রকল্পে Arduino Nano ও AD8232 ECG মডিউল ব্যবহার করে মানবদেহের হৃদস্পন্দনের বৈদ্যুতিক সংকেত সংগ্রহ ও প্রদর্শনের একটি স্বল্প ব্যয়ী ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা স্বাস্থ্য প্রযুক্তিতে ব্যবহারিক সম্ভাবনা তুলে ধরে।
এছাড়া Surveillance Car with Pan-Tilt Camera and Mecanum Wheels প্রকল্পে এমন একটি স্মার্ট নজরদারি যান তৈরি করা হয়েছে, যা চারদিকে সহজে চলাচল করতে পারে এবং ক্যামেরার মাধ্যমে বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করতে সক্ষম। নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থায় এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে Bluetooth Controlled Car using Arduino UNO প্রকল্পে স্মার্টফোনের মাধ্যমে ব্লুটুথ সংযোগ ব্যবহার করে একটি গাড়ি নিয়ন্ত্রণের প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং, মোটর নিয়ন্ত্রণ এবং অটোমেশনের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন।
প্রদর্শনীতে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা প্রকল্পগুলোর উদ্ভাবনী দিক এবং বাস্তবমুখী প্রয়োগ দেখে প্রশংসা করেন। শিক্ষার্থীদের মতে, এসব প্রকল্পের মাধ্যমে তারা শুধু পাঠ্যজ্ঞান নয়, বাস্তব সমস্যা সমাধান, দলগত কাজ এবং গবেষণামুখী চিন্তারও অভিজ্ঞতা অর্জন করেছেন।
প্রকল্পগুলোর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুল হক। শিক্ষার্থীরা জানান, তাঁর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার কারণেই তারা সফলভাবে প্রকল্পগুলো সম্পন্ন করতে পেরেছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ দেশের শিল্প, স্বাস্থ্যসেবা, অটোমেশন ও স্মার্ট প্রযুক্তি খাতে দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

