বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী বাজারে ব্যবসায়ী সমিতি গঠনে বাধা এবং নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। পরে বাজারের ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সরকারি তফসিলভুক্ত কামালের বার্ত্তী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ব্যবসায়ী আবদুল আলীম, আলী আকবরসহ অন্যরা অভিযোগ করেন, বাজারের ইজারাদার খোরশেদ আলম সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন। পাশাপাশি বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের হয়রানি ও নির্যাতন করে আসছেন বলেও তারা দাবি করেন।
তাদের অভিযোগ, শনিবার রাতে বাজার ব্যবসায়ী সমিতি গঠনের লক্ষ্যে ব্যবসায়ীরা একত্রিত হলে ইজারাদার খোরশেদ আলম তাতে বাধা দেন এবং কয়েকজন ব্যবসায়ীকে মারধর করেন। এতে সমিতি গঠনের কার্যক্রম ভণ্ডুল হয়ে যায়।
এর প্রতিবাদে রোববার সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেন এবং পরে মানববন্ধনের মাধ্যমে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার হস্তক্ষেপে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন।
এ বিষয়ে অভিযুক্ত ইজারাদার খোরশেদ আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

