মো.রহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের বরাদ্দকৃত জিআর চাল ও নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২ হাজার ১৪৫ কেজি জিআর চাল এবং ২৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক উপকারভোগীকে ১৫ কেজি করে চাল এবং নির্বাচিত উপকারভোগীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, নাংলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, আব্দুল হাকিম বাদশা, শহিদুল্লাহ মেম্বার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খফিজল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা বলেন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের বরাদ্দে অসহায় মানুষের হাতে জিআর চাল ও নগদ অর্থ তুলে দিতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

