জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক পদে পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় বর্তমান আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীমকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২০২৫ সালের ২০ নভেম্বর অ্যাডভোকেট মো. সাদুল্লাহেল মামুনকে আহ্বায়ক এবং ডা. মো. মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে জামালপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। ওই কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর থেকে তাদের নেতৃত্বে জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জামালপুর জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে বর্তমান যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
জেলা এনসিপির সদস্য সচিব ডা. মো. মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শামীম সাহেবকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। তিনি নতুন দায়িত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী করে তুলবেন বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নতুন আহ্বায়কের সঙ্গে সমন্বয় করে দলকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম বলেন, “এটি কোনো ব্যক্তিগত সম্মান নয়, বরং একটি বড় দায়িত্ব। সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।”
এ বিষয়ে সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাদুল্লাহেল মামুন বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারেননি। বিষয়টি তিনি কেন্দ্রকে জানিয়েছিলেন এবং পদত্যাগ না করলেও তার স্থলে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। বর্তমানে আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে তিনি অবগত হয়েছেন।

