আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে অবৈধ এ কর্মকাণ্ডে জড়িত তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, এফআইকিউসি (খুলনা)-এর ইন্সপেক্টর আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, দীর্ঘদিন ধরে পারুলিয়া মৎস্য আড়তসহ আশপাশের কয়েকটি আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগ ছিল। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমানা করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী এ অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা প্রায় ১০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়।
অভিযানে দেবহাটা থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা সহযোগিতা করেন।
মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম বলেন, জনস্বাস্থ্য ও রপ্তানিযোগ্য মৎস্যের মান রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

