কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় খাল পুনঃখনন কাজ এবং ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া খাল পুনঃখনন কাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের মান বজায় রেখে এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদের সুফল ভোগ করতে পারে।
পরে বিভাগীয় কমিশনার কচুয়া উপজেলা ভূমি অফিস এবং রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক নথিপত্র, নামজারি (মিউটেশন) কার্যক্রম, রেকর্ড সংরক্ষণ এবং ভূমি সেবা প্রদানের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সঙ্গে আধুনিক এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।”
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, খুলনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগেরহাট জেলা প্রশাসন ও কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

