পঞ্চগড় প্রতিনিধি
সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পঞ্চগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচিতে প্রায় ৫০০ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
শনিবার (১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার ধামুরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। এর অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, ত্রাণ সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৪৫০ থেকে ৫০০ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক ও ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুফ মিয়া, বিজিবিএম, পিএসসি।
তিনি বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও সামাজিক কল্যাণেও মানবিক ভূমিকা রেখে চলেছে।”
পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কাসেম বলেন, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

