দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশ মিছিল নিয়ে সড়কে বের হতে দেয়নি। পরে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর মিছিল না করেই ফিরে যান দলটির নেতাকর্মীরা।
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিলটি বের হওয়ার কথা ছিল। এর আগে বিকেল ৪টা থেকে সেখানে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা মিছিল নিয়ে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা এবং বিভিন্ন স্লোগান দেন।
এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘পুলিশ আমাদের রাস্তায় বের হতে দিচ্ছে না। কার আদেশে এবং কেন বাধা দেওয়া হচ্ছে, সেটিও তারা বলছে না।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, তারা পাবলিক লাইব্রেরি মাঠে বিক্ষোভ করবে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তাদের সড়কে যেতে দেওয়া সম্ভব হচ্ছে না।’
বিক্ষোভে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্যসচিব সুলতান মারুফ তালহাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বেড়াতে গিয়ে হামলার শিকার হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর ও তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে এনসিপি।

