বুটেক্স প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় ‘দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস’ (আইটিইটি), বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর উত্তরায় আইটিইটির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ এনায়েত হোসেন এবং সঞ্চালনা করেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আরফান আলী প্রামানিক। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইটিইটির নির্বাহী সদস্য ও আয়োজক প্রকৌশলী মো. সাইদুর রহমান (রবিন) বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ সবাই স্বাধীনভাবে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। শহীদদের আদর্শ ও প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইটিইটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ) বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান একই ধারার সংগ্রামের অংশ। তিনি দল-মত নির্বিশেষে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানান এবং আহত ও শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংগঠনের মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন বলেন, “জুলাই কোনো নির্দিষ্ট দিনের নাম নয়, জুলাই হলো প্রতিবাদের ভাষা।” তিনি দেশের পোশাকশিল্পে বৈশ্বিক প্রতিযোগিতা ধরে রাখতে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের আন্দোলন ছিল গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। তিনি আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান এবং বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, “আমরা সবাই জুলাই যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এই চেতনা আমাদের সবসময় ধারণ করতে হবে।” তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নয়, দায়িত্ব পালনই সবচেয়ে বড় বিষয় এবং সেই দায়িত্ব যথাযথভাবে পরবর্তী নেতৃত্বের কাছে হস্তান্তর করাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আইটিইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, টেক্সটাইল প্রকৌশলী ও বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

