Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সিএনজির গোপন বক্সে ১৬ কেজি গাঁজা, চালক গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে সিএনজিচালক হানিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

বিকেল সাড়ে ৫টার দিকে চান্দিনা থেকে আসা একটি যাত্রীবিহীন সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে খাকি স্কচটেপে মোড়ানো ৮টি বান্ডেলে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সবুজ রঙের একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামত থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হানিফ মিয়া দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার হানিফ মিয়ার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল হয়েছে।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) গ্রেপ্তার আসামিকে চাঁদপুরের কচুয়া আমলি আদালত নং-১-এ পাঠানো হলে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।