ফেনী প্রতিনিধি
ফেনীতে ছয়তলা একটি ভবনের কার্নিশ থেকে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী শহরের চাড়িপুর দারুণ নাজাত মহিলা মাদরাসা ভবনে এ শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুল শুক্কুরের মেয়ে ইযাছমিন আক্তারকে চাড়িপুর দারুণ নাজাত মহিলা মাদরাসায় ভর্তি করা হয়। তবে মাদরাসায় পড়াশোনায় তার অনীহা ছিল বলে পুলিশ জানিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকালে তার মা ও মামী তাকে ওই মাদরাসায় রেখে যান। পরে সকাল সাড়ে ১১টার দিকে ইযাছমিন মাদরাসার সাততলা ভবনের ছাদে উঠে নিচে নামার চেষ্টা করে। একপর্যায়ে ভবনের ষষ্ঠ তলার কার্নিশে আটকা পড়ে সে।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর দেড়টার দিকে মাদরাসাছাত্রী ইযাছমিন আক্তারকে কার্নিশ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, কী কারণে ওই ছাত্রী ভবনের ছাদে উঠে কার্নিশে আটকা পড়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

