নোয়াখালী প্রতিনিধি
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী উপপরিচালক কৃষিবিদ আশীষ কুমারের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুশরেফুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যুগ্ম পরিচালক অচিন্ত্য কুমার দাস, অধিদপ্তরের পিএমও ও অফিস প্রধান মো. আমির ফয়সল, সুবর্ণচর উপজেলার বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিয়াকত আলী খান, সাইফুল্লাহ কামরুল, আজাদ ভূঁইয়া, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন, নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহি পলাশ ও সদস্য সচিব আব্দুজজাহের হারুনসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সুস্থ জীবনযাপন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষির ভূমিকা অপরিসীম। ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিজেদের উৎপাদিত কৃষিপণ্যের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে সবজি চাষের পাশাপাশি বর্তমানে অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন। এতে একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে নিরাপদ খাদ্য উৎপাদনেও ভূমিকা রাখছে।
জেলা প্রশাসক আরও বলেন, কৃষকদের জীবনমান ও আর্থিক অবস্থার উন্নয়নে কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষি প্রযুক্তির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও জোরদার হবে।
মেলায় কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বিভিন্ন জাতের কৃষিপণ্য, পুষ্টিকর খাদ্য ও কৃষিভিত্তিক নানা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

