Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনিয়মের অভিযোগে নবীনগর নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হন তিনি। এ সময় নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তারা কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা অবৈধ অর্থ লেনদেনের শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সেবাগ্রহীতাদের উদ্দেশে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, “আমি সরাসরি আপনাদের সমস্যার কথা জানতে এসেছি। ভোটার হতে গিয়ে কিংবা এনআইডি-সংক্রান্ত কোনো সেবা নিতে গিয়ে যদি কেউ হয়রানি করে, অবৈধভাবে অর্থ দাবি করে বা সেবা দিতে গড়িমসি করে, তাহলে আমাকে জানাবেন। জনগণের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা হয়রানি বরদাশত করা হবে না।”

এ সময় তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিককে নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি না করার বিষয়ে সতর্ক করেন। সরকারি সেবা স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় এক প্রবাসী নাগরিকের হয়রানির অভিযোগ শুনে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে উপজেলা নির্বাচন অফিসে পৃথক প্রবাসী সেবা ডেস্ক চালু এবং সেবা নিতে আসা নাগরিকদের জন্য বসার ব্যবস্থা করার নির্দেশনা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান রাশেদুল ইসলাম কাজী সুমনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শনে সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে নির্বাচন অফিসে সেবার মান আরও উন্নত হবে এবং অনিয়ম ও হয়রানি কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।