ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় শাড়ি উদ্ধার করেন।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পুশইন ঠেকানো, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

