Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার, ছাত্রদলের নিন্দা ও বিচারের দাবি

কুবি প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্যসচিব মো. আবুল বাশার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম, প্রচারণা কিংবা পোস্টার-ব্যানার প্রদর্শন গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী।

ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ঘটনাটি দ্রুত তদন্ত করে পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম বা প্রচারণা যাতে না হতে পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস ও অপরাজনীতি থেকে মুক্ত রাখার অঙ্গীকার রয়েছে তাদের। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কার্যক্রম বিশ্ববিদ্যালয় বা এর আশপাশে করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে সংঘটিত অনিয়ম, দমন-পীড়ন ও অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের অভিযোগের পর অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে আইন অনুযায়ী সংগঠনটির কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

তিনি দাবি করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে। ক্যাম্পাসের ভেতরে বা ১০০ গজের মধ্যে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

শুভ আরও বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে কুবি ছাত্রদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।