বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ফারুক মোল্লাকে প্রায় ৩০ বছর পর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
সোমবার (১৭ আগস্ট) কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক মোল্লা (৫২) বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।
র্যাব-৮ বরিশাল সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে দায়ের করা একটি ডাকাতি মামলায় ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-১০-এর সহযোগিতায় র্যাব-৮-এর একটি দল কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

