গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে জয় মন্ডল (১৪) নামে এক স্কুলছাত্র দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার মা ঝুমুর রানী গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ জয় মন্ডল উপজেলার মাহিলাড়া গ্রামের অতুল মন্ডলের ছেলে এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হয় জয়। পরে মাহিলাড়া বাজারে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
জয়ের মা ঝুমুর রানী বলেন, ছেলেকে খুঁজে না পেয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত জয়কে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

