কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কচুয়া ফেরিঘাট এলাকায় রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এ সময় রফিকুল ইসলাম জামাল বলেন, “সমাজে যা ইচ্ছা তাই করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।”
বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরি পয়েন্টে সেতু নির্মাণের বিষয়ে তিনি বলেন, “এই ব্রিজ নির্মাণ আমার শপথ। যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালী নদীর ওপর এই সেতু নির্মাণ করব।”
তিনি আরও বলেন, উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। তারেক রহমান কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন এবং এ কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামী, রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের সভাপতি মো. আতিকুর রহমান রুবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

