ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লঞ্চঘাট এলাকা থেকে শুরু হওয়া নৌকা বাইচে সদর উপজেলার নয়টি দল নয়টি নৌকা নিয়ে অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
প্রতিযোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল নৌপথে দায়িত্ব পালন করে। পরে মিনিপার্ক সংলগ্ন এলাকায় গিয়ে নৌকা বাইচ শেষ হয়।
প্রতিযোগিতায় মাহবুব সিকদারের নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ প্রথম স্থান অর্জন করে। চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ তৃতীয় স্থান অধিকার করে।
পরে মিনিপার্কে বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

