নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের অজান্তে বাড়ির কাছের আত্রাই নদীতে মাছ ধরতে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরতে পানিতে নামার পর তারা গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানির স্রোতে তারা নিখোঁজ হয়ে যায়।
দীর্ঘ সময় শিশু দুটিকে না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

