নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ বছর গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।
বাউবি সূত্রে জানা যায়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী।
ফলাফল প্রকাশের আগে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহামুদ এসএসসি পরীক্ষার ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টি নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে।
তিনি বলেন, এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। এটি ফলাফল প্রকাশে বিলম্বের পূর্ববর্তী ধারণা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উপাচার্য কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলাফল প্রকাশ ও পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, পরীক্ষা কমিটি, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, পরীক্ষা বিভাগ, আইসিটি বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার বিশ্ববিদ্যালয় হিসেবে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
শিক্ষার্থীরা result.bou.ac.bd ওয়েবসাইটে গিয়ে এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল দেখতে পারবেন।

