স্টাফ রিপোর্টার, নড়াইল
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আয়োজিত দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শেষ হয়েছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও শিশু-কিশোরদের ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
‘আলোকচিত্র প্রদর্শনী’তে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ডিবিসির নড়াইল প্রতিনিধি ফরহাদ আহম্মেদ, আরটিভির সাংবাদিক মোস্তফা কামালসহ পাঁচজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ প্রদর্শনীতে সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার ৪০ জন অংশ নেন। এছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস, চিত্রশিল্পী ডিডি মল্লিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমানসহ সুলতানপ্রেমীরা।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসবের’ উদ্বোধন করা হয়। উৎসবে চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে খ্যাত এই শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। পরে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে তাকে সমাহিত করা হয়।

