Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মুসলিম-জসিম

জাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৩০ আগস্ট) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে এডুকেশন টাইমসের আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া পোস্টের মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি চেক পোস্টের মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক পদে দ্যা স্টুডেন্ট জার্নালের মিরাজ হোসেন নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জামালপুরনিউজ২৪ ডটকমের মো. মিরাজুল ইসলাম, দ্যা ডেইলি ক্যাম্পাসের মো. বেলাল হোসাইন এবং নবধারার আহাদুজ্জামান অনন্ত। প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ০৯-এ বর্ণিত নির্বাচনী বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।

ভোটগ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও নির্বাচন পর্যবেক্ষণ করেন। তাঁদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইফতেখাইরুল ইফতি ও আমান উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ ও সেক্রেটারি ফাহাদ আহমদ এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারাও নির্বাচন পর্যবেক্ষণ করতে ক্যাম্পাসে আসেন। জামালপুর জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব জামালপুর ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নেতারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।