আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্কিম ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) আলমগীর হোসেন।
এ সময় বক্তব্য দেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, ওসি (তদন্ত) রেজাউল করিম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ অনেকে।
এছাড়া দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, ছাত্রদল সভাপতি ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি উপসচিব আলমগীর হোসেন সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভবিষ্যৎ জীবনকে আর্থিকভাবে নিরাপদ, সুন্দর ও শান্তিময় করতে সর্বজনীন পেনশন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি স্কিমের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও নিজ নিজ এলাকার মানুষের কাছে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

