রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেন যোগদান করেছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রারের দায়িত্বে যোগ দেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এইচ এম আসলাম হোসেন তাঁর দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এইচ এম আসলাম হোসেন ১৯৮১ সালে শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ১৯৮৩ সালে রাজশাহী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। পরে ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৭ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার পর এবার তিনি রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন।

