ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর তিন যুবক একটি মোটরসাইকেলে ভাঙ্গা থেকে নগরকান্দার দিকে যাচ্ছিলেন। তারা নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন নিহত হন। গুরুতর আহত নয়ন ও সিয়ামকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

