স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী সীমা বেগম (৩৮) এবং একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাসেল শেখ (২১)। তারা সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নড়াইল কার্যালয়ের একটি দল পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে রাত ৮টার দিকে বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদকসহ সীমা বেগম ও তার মেয়ের জামাই রাসেল শেখকে আটক করা হয়।
ডিএনসি সূত্র আরও জানায়, ইউসুফ শেখ বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছেন। তার অনুপস্থিতিতে সীমা বেগম ও রাসেল শেখ মিলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার মঙ্গলবার জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে।

