নওগাঁ প্রতিনিধি
কিশোর অপরাধ প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁয় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালানো ১৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ১০ কিশোরকে থানায় নেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে তার নির্দেশনায় এ বিশেষ অভিযান শুরু হয়।
পুলিশ জানায়, অভিযানের প্রথম দিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্কদের চালানো ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। এসব মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্থান থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সারাদেশের মতো নওগাঁতেও কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মোটরসাইকেল চালানোর সুযোগ দেওয়া উচিত নয়। এতে দুর্ঘটনার পাশাপাশি তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, নওগাঁ জেলার কোথাও কিশোর অপরাধ, ইভটিজিং বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-১২৩৫০১ অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য বা ছবি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

