Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কায়সার আহমেদ সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ-আব্দুল্লাহপুর সড়কের পারোয়ান ডায়না মার্কেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা। এ সময় তারা দখলকৃত জমি উদ্ধার এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে সিন্ধু মনি বিশ্বাস, মুক্তা রানি বিশ্বাস, পরেশ সরকার, সন্দীব বিশ্বাস ও ওয়ার্ড যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পারোয়ান মৌজার আরএস ২১৭ নম্বর দাগে ঢাকার কায়সার আহমেদ সরকার একটি রিসোর্ট নির্মাণ করেছেন। পরে তার লোকজনের মাধ্যমে সিন্ধু বিশ্বাস গংদের আরএস ২১৬ নম্বর দাগের প্রায় দুই শতক জমি জবরদখল করা হয়।

তাদের দাবি, ওই জমিতে থাকা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২৫টি আকাশি গাছ কেটে নিয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করা হলে জমির মালিকরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কায়সার আহমেদ সরকার বাদী হয়ে গত ১৮ আগস্ট শুভন বিশ্বাস, আকাশ বিশ্বাস, সৈকত বিশ্বাস, সিন্ধুমনি বিশ্বাস, খোকন বিশ্বাসসহ অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় থানা পুলিশ শুভন বিশ্বাস ও আকাশ বিশ্বাসকে আটক করে বলেও দাবি করেন বক্তারা।

তবে জমি দখল ও হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন কায়সার আহমেদ সরকার। মুঠোফোনে তিনি বলেন, ‘আমি কারও জমি দখল করিনি। বরং প্রায় তিন বছর আগে শহিদুল ইসলামের কাছ থেকে ৫৫ শতক জমি কিনেছি।’

ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।