নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর গোপালপুর, মরকুন ও পাগাড় এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকজনের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারিসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন তাকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
পরে রাত সাড়ে ১১টার দিকে হামলাকারীরা গুরুতর আহত নুরুল ইসলামকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার সামনে পাঠানোর চেষ্টা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

