ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকের ভয়াবহতা রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরাইল সদর ইউনিয়নের গুনারা গ্রামে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গুনারা মান্নানীয়া দরবার শরিফের পীর সাহেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল থানার সদর বিট অফিসার এসআই ইউনুস, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম, সুরুজ মেম্বার, যুবদল নেতা মন্নর আলী, কামাল পাঠান, মন মিয়া সর্দার, এলেম মিয়া সর্দার, সোহেল মাস্টার, মাওলানা কাওছার, মুসা মিয়া, মোতাহার মিয়া ও আলী মিয়া সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুনারা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

