জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ২ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার পৌর এলাকার এসপি অফিস মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মেহেদী হাসান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরতকিডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) নোমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) আসাদুজ্জামানসহ ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মেহেদী হাসানের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসপি অফিস মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে হেরোইনসহ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

