কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার ৮৮৫ টাকাসহ মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া সুগন্ধা রোড এলাকায় তার ভাড়া বাসার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে। তিনি নাচনাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কলাপাড়া থানার এসআই মো. শহিদুল ইসলাম খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মিজানুর রহমানের কাছ থেকে ৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

