স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে তুলারামপুর এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মরদেহ খণ্ড-বিখণ্ড হয়ে রেললাইনের আশপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয় আহাদ ফকির জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করছেন এলাকাবাসী। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। পরে বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে স্থানীয়দের ধারণা। বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

