সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরে জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বেওয়ারিশ ও সড়কে চলাচলকারী গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ জানায়, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া গত তিন মাসে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। এমন পরিস্থিতিতে কুকুরের মাধ্যমে মানুষের মধ্যে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে ফেনীর ‘ডগ এক্সপার্ট টিম’-এর সঙ্গে চুক্তি করেছে বাগেরহাট পৌরসভা। টিমের সদস্যরা পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় থাকা বেওয়ারিশ কুকুরের পাশাপাশি সড়কে চলাচলকারী গৃহপালিত কুকুরকেও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেবেন।
পৌরসভা কর্তৃপক্ষের আশা, কুকুরকে টিকাদানের মাধ্যমে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে আসবে। পাশাপাশি কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

