সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় অবৈধভাবে পরিবহনের সময় ৪৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন ভ্যানচালককে তিন হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নাটুয়ারপাড়া গ্রামের মৃত জোহর আলীর ছেলে হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের ছেলে নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিলন রানা।
অভিযানে অংশ নেওয়া কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ওই তিনজন ভ্যানে করে বস্তাভর্তি সার তেকানি বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ তাদের হেফাজতে নেয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, জব্দ করা ৪৮ বস্তা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। এতে ৫০ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।
তিনি আরও বলেন, কেউ সারের অবৈধ মজুদ গড়ে তুললে কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।

