সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা মহিলা দল।
এ উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, মহিলা দলের নেত্রী রুনা গাজী, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ মোজাফফর রহমান মোজাম, কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি শিরিনা আক্তার, অ্যাডভোকেট কুহেলি পারভিন ও অ্যাডভোকেট শিরিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

