মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ছয়টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল ও চায়না দুয়ারী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে ছয় দোকানিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার প্রাণকেন্দ্র গাড়ফা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে দোকানি রিপন গাজীকে ১০ হাজার টাকা, অসীম খাঁকে ৫ হাজার টাকা, তন্ময়কে ৫ হাজার টাকা, তাপসকে ৫ হাজার টাকা, আমির হোসেনকে ১ হাজার টাকা এবং অপর তাপসকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে দোকানগুলো থেকে জব্দ করা চায়না জাল ও চায়না দুয়ারী উদয়পুর গরুর হাটসংলগ্ন মধুমতি নদীর ফাঁকা চরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন বলেন, ‘নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

