নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী মডেল বা প্রকল্প নিয়ে এতে অংশ নিতে পারবেন। তবে উপস্থাপিত প্রকল্পটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব ও মৌলিক হতে হবে। আগে উপস্থাপিত কোনো প্রকল্প এ প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না।
বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। সেরা উদ্ভাবন ও প্রকল্পের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া প্রথম পাঁচজন বিজয়ীর জন্য স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। আগ্রহীদের নিবন্ধনের জন্য “https://www.zrf.info/registration” (https://www.zrf.info/registration) লিংকে প্রবেশ করতে হবে।
সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজকদের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

