স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলাম শেখ (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ ওই গ্রামের মৃত বজলু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ইসলাম শেখ।
পথে রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা টিপু সুলতানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র রামদা ও ছ্যানদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা আহত ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
অভিযুক্ত টিপু সুলতানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

