মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে টিনের চাল খুলে বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ সময় ঘর থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই ঘটনায় গৃহকর্তা আব্দুল হাকিম বাবু দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেও দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করেছিল।
গত ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা আব্দুল হাকিম বাবু জানান, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থেকে ব্যবসা করেন। ঘটনার দিন জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় হাজিরা দিতে বাগেরহাট আদালতে আসেন তিনি। পরে ওই দিনই ঢাকায় ফিরে যান।
তার দাবি, তিনি বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা টিনের চাল খুলে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।
আব্দুল হাকিম বাবুর অভিযোগ, দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বা তাদের ভাড়া করা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে থাকতে পারে। তবে ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় তাকে না পেয়ে ঘরে থাকা মালামাল নিয়ে তারা চলে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হকের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

