ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় প্রায় ৪০ বছরের পুরোনো পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মন্দিরের সাবেক সভাপতি ও সেবায়েত প্রয়াত নারায়ণ চন্দ্র মণ্ডলের তিন ছেলের বিরুদ্ধে। মন্দিরের জমি উদ্ধার ও স্থায়ীভাবে মন্দিরের নামে বরাদ্দ দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুখা পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আনুমানিক ৩২ শতাংশ জমির ওপর মন্দিরটি প্রতিষ্ঠিত। জমিটির মালিকানা জেলা প্রশাসক, ফরিদপুরের নামে থাকলেও দীর্ঘদিন মন্দিরের সেবায়েত ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় প্রয়াত নারায়ণ চন্দ্র মণ্ডলের নামে জমিটির ডিসিআর (DCR) করা ছিল।
স্থানীয়দের দাবি, নারায়ণ চন্দ্র মণ্ডলের মৃত্যুর পর তার তিন ছেলে ওই জমিকে পৈতৃক সম্পত্তি দাবি করে দখলের চেষ্টা করছেন। ইতোমধ্যে মন্দিরের জমিতে গরুর খামার, খড়ের মাচাসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে জমিটি বিক্রিরও পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিনের এই সর্বজনীন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ও নিয়মিত পূজা-অর্চনা নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে জমিটির ডিসিআর বাতিল করে মন্দিরের নামে স্থায়ী বরাদ্দ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে মন্দিরের জমি থেকে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে এর স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত। অভিযুক্ত পক্ষকে সতর্ক করা হলেও তারা কথা শোনেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রশাসক স্যারকে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

