শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের উকিলের (৫৮) দাফন পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ৮টায় উপজেলার বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানায়।
জানাজায় নৌবাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু তাহের দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

