Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হোন: সমাজকল্যাণমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

আওয়ামী লীগের উদ্দেশে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হোন।’

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।’

তিনি বলেন, আইন ও আদালতের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মব কালচার সৃষ্টি করে নানা ধরনের উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এর আগে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়।

এ সময় বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি এই দেশে থেকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় পাঠানো হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও টলাতে পারেনি এবং দলের প্রতি আনুগত্যে কোনো ধরনের কমতি দেখাতে পারেনি।’

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।