কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে কোনো জাতির টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই। বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকার নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত ও জাতীয়করণসহ নানা উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এস এম জিলানী আরও বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনকেও এগিয়ে নিতে হবে। সে লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে।’
কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ‘মিড ডে মিল’ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘মিড ডে মিলে কোনো ধরনের দুর্নীতি কিংবা বাসি-পচা খাবার দেওয়া হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
পরিদর্শনকালে সংসদ সদস্য এস এম জিলানী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব হান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

