কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ‘স্বপ্নবাজ’ সংগঠনের উদ্যোগে ভাবনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় কাদলা ইউনিয়নের চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার মিলনায়তনে শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন ‘স্বপ্নবাজ’-এর নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবক কাজী হোসাইন মীরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও সমাজসেবক মো. আরিফুর রহমান।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য, সুশিক্ষিত, সামাজিক ব্যক্তিত্ব ও জনদরদি ব্যক্তিদের পক্ষে আমরা সবাই সমর্থন করব। আমরা আমাদের ন্যায়-নৈতিকতা অযোগ্য ব্যক্তির কাছে বিক্রি করব না।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন স্বপ্নবাজ। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি কোনো ওয়ার্ড, পাড়া বা মহল্লাভিত্তিক সংগঠন নয়। পুরো কাদলা ইউনিয়নের বর্তমান যুবসমাজ ও তরুণরা এ সংগঠনের সঙ্গে যুক্ত। সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা হচ্ছে।’
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কাদলা ইউনিয়নের যুবসমাজ ও তরুণরা উপস্থিত ছিলেন।

