ফেনী প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে দেশের মানুষ অন্ধকার যুগ বহন করেছে। তার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। দেশের প্রতিটি জেলায় ফেনীর হারুনুর রশিদের মতো হাজারো বিএনপি নেতাকর্মী প্রাণ দিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “শেখ হাসিনার ১৭টি বছর দেশের মানুষ অন্ধকার যুগ বহন করেছিল। তার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফেনীর হারুনুর রশিদের মতো হাজার হাজার বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন। খালে, বিলে, নদীর ধারে মানুষের মরদেহ পাওয়া যেত।”
তিনি বলেন, “তারেক রহমানের পক্ষ থেকে আজ হারুনুর রশিদের পরিবারকে ঘর উপহার দিতে এসেছি। আরও যারা শহীদ হয়েছেন, আপনারা সবাই তাদের পরিবারের পাশে থাকবেন। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তারেক রহমান সেই গণতন্ত্রের পতাকা বহন করছেন।”
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ হারুনুর রশিদের স্ত্রী ও সন্তানদের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন রিজভী।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা সংসদ সদস্য আশরাফ উদ্দিন মুকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কৃষিবিদ মোকসুদুল মোমিন মিথুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ অনেকে।
পরে শহীদ হারুনুর রশিদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। এরপর ফিতা কেটে নবনির্মিত ঘরটি উদ্বোধন করা হয়।

