দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে গেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে দৌলতপুর-খলিশাকুন্ডি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের মৃত আদু মালিথার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওয়াদ মালিথা নিজ বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেলে চার কিশোর বেপরোয়া গতিতে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওয়াদ মালিথাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক আলামিন (১৭) পালিয়ে গেলেও মোটরসাইকেলে থাকা রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিন (১৬) নামে তিন কিশোরকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আটক ও পলাতক কিশোররা পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

